পারস্পরিক সহযোগিতা ও কৃষি উদ্ভাবনকে এগিয়ে নিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র (লেটার অব অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।চুক্তির মূল লক্ষ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা, টেকসই কৃষি প্রযুক্তি ও পণ্যের ব্যবহার সম্প্রসারণ, এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা। পাশাপাশি উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ব্র্যাকের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক মোঃ আজিজুল হক, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক ও সিনিয়র শিক্ষকবৃন্দ। গাকৃবির রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরু হয় প্রাণবন্ত এক পরিচিতি পর্বের মাধ্যমে। পরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সহকারী জেনারেল ম্যানেজার ড. মোঃ আরিফুল ইসলাম প্রতিষ্ঠানটির ইতিহাস, ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। গাকৃবির পক্ষ থেকে প্রদর্শন করা হয় একটি ডকুমেন্টারি যেখানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উদ্ভাবন ও সাফল্যের নানা দিক তুলে ধরা হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ব্র্যাক সিডের পক্ষ থেকে মোহাম্মদ আনিসুর রহমান। চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “কৃষক ও খামারি পর্যায়ে উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলো ছড়িয়ে দিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, “দেশীয় কৃষির সমস্যা চিহ্নিত করে যৌথভাবে তার সমাধান খুঁজে বের করতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে গাকৃবির ভাই